দক্ষিণ পূর্ব

‘এনাফ ইজ এনাফ’ খুনীদের জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৮:১২ সকাল
পঠিত : ৪৪
‘এনাফ ইজ এনাফ’ খুনীদের জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। খুনি ও সন্ত্রাসীদের স্পষ্ট জবাব দিতে হবে—‘এনাফ ইজ এনাফ’ (অনেক হয়েছে, আর না)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে দেশে পালিয়ে গেছে, সেটিই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে দেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে তারা। জনগণের অধিকার আবারও কেড়ে নিতে চায়। কিন্তু জনগণ তাদের আর খুন-গুমের রাজনীতি করার অধিকার দেবে না।

চব্বিশের মতো সব দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তনে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী, হত্যার রাজনীতি ও তাবেদারি অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে—‘এনাফ ইজ এনাফ’।

সরকার যখন সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ষড়যন্ত্রকারী সন্ত্রাসী গোষ্ঠী জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে। মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছে।

দেশের মানুষ আর নিশিরাতের ও ডামি নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে ওই অঞ্চলে কলকারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।