চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), মূল্য সংযোজন কর (ভ্যাট) রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে। এ মাসে সংস্থাটি ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা গত কয়েক বছরের একই মাসের তুলনায় সর্বোচ্চ।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানিয়েছে।
এলটিইউ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সেই হিসাবে চলতি অর্থবছরের একই মাসে রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ৩৪ দশমিক ৪৭ শতাংশ।
তবে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ সময়ের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হলেও সাম্প্রতিক সময়ের মধ্যে অক্টোবর মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছে এলটিইউ, ভ্যাট।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায় ছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকায়। পরবর্তী ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায় হয় ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা।
অন্যদিকে চলতি অর্থবছরের আগের মাসগুলোতে রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল। এমন পরিস্থিতিতে অক্টোবর মাসে ৩৪ দশমিক ৪৭ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।