ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান। তার দাবি, তিনি ক্যানসারের চতুর্থ পর্যায়ে রয়েছেন। নিজের শারীরিক অবস্থা তুলে ধরে তিনি বলেছেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের অসুস্থতার কথা জানান শামীম ওসমান।
টকশোতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। শামীম ওসমানের মতে, একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। তবে কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে।
দলটির সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বের দায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিভাজনের রাজনীতি আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।
এ সময় বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন শামীম ওসমান। আগামী ডিসেম্বরের মধ্যে দলটিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
টকশোতে নিজের বাসায় অগ্নিসংযোগের ঘটনার কথাও তুলে ধরেন শামীম ওসমান। ওই ঘটনায় ক্ষয়ক্ষতির স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।