গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, কারখানায় হামলা-ভাঙচুর ও মহাসড়ক অবরোধের ঘটনায় ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৪৯টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যানবাহনের হাজারো যাত্রী।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ৯টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে অবস্থান নেন তাঁরা। চন্দ্রা পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও তেলিরচালা এলাকায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা।
শ্রমিক অসন্তোষের কারণে ইন্টারইস্টপ, ইকো টেক্স, এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিংস, ট্রপিক্যাল, ফারিষ্ট, আহসান কম্পোজিট, ডিভাইন, লিডা, করোনী, লিভেন্ডার, ইনক্রেডিবল ও সদমাসহ বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে বেলা সাড়ে ১২টার দিকে থেমে থেমে যান চলাচল শুরু হয়।
সাদমা কারখানার পরিচালক বলেন, ‘আমাদের কিছু করার নেই। এ পর্যন্ত ১৩টি কারখানা বন্ধ ও ৪৯টিতে ছুটি চলছে।’
আন্দোলনকারী শ্রমিক নেতা সোহেল মিয়া বলেন, ‘আমাদের দাবি আদায় না হলে সব কারখানা বন্ধ করে দেব। আজও কিছু কারখানা খোলা ছিল, আমরা সেখানে গিয়ে কারখানা ছুটি দিতে বাধ্য করি।’
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিক অসন্তোষ, কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। রোববার কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মুর্শেদ জানান, সকালে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় জড়ো হয়ে অবরোধ করেন। পরে পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে তাঁদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখলেও সড়ক অবরোধমুক্ত রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।