দক্ষিণ পূর্ব

গুলি চালাতেন একজন, পেট কেটে নাড়িভুঁড়ি বের করতেন আরেকজন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ০৮:২০ সকাল
পঠিত : ৫৩
গুলি চালাতেন একজন, পেট কেটে নাড়িভুঁড়ি বের করতেন আরেকজন
মানুষ হত্যার পর প্রমাণ গোপন করতে মরদেহের পেট কেটে নাড়িভুঁড়ি বের করা হতো। এরপর গলা ও পায়ের সঙ্গে সিমেন্টভর্তি বস্তা বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে। একজন গুলি চালাতেন, আরেকজন পেট কেটে দিতেন। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে উঠে এসেছে এমন নৃশংসতার বিবরণ।

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও খুনের অভিযোগে করা এ মামলায় মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যুক্তিতর্কের শুরুতে মামলার ঘটনাবলি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এরপর আসামি জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য এবং মামলার ১৩তম সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি পড়ে শোনান তিনি।

হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, হত্যার সময় রক্ত যেন নিজের শরীরে না লাগে, সে জন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান। নৌকায় নিয়ে গুলি করার পর মরদেহের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়া হতো। একজন গুলি করতেন, আরেকজন পেট কাটতেন।

এ সময় আমিনুল ইসলাম বলেন, ‘মাই লর্ড, এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। কতটা নৃশংসতা ছিল এসব। এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র। জিয়াউল আহসান কতটা হিংস্র ছিলেন, এসব বর্ণনা থেকে তা ধারণা করা যাবে।’

নদীতে মরদেহ ফেলার বর্ণনা

গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। র‍্যাবে দায়িত্ব পালনকালে ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি। এসব ঘটনায় তৎকালীন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্ব ও নির্দেশনার কথা উল্লেখ করেন এই সাক্ষী।

জবানবন্দিতে সাব্বির রহমান বলেন, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে যান জিয়াউল আহসান। পরে তাঁকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে যান তিনি। সেখানে র‍্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা আগে থেকেই একটি ট্রলার প্রস্তুত রেখেছিলেন।

ঢাকা থেকে আসা গোয়েন্দা শাখার সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। এ সময় হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরা একজন ব্যক্তিকেও ট্রলারে তুলে খোলের মধ্যে রাখা হয়।

সাক্ষীর জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে যাত্রা করে। প্রায় তিন ঘণ্টা পর ওই ব্যক্তিকে ট্রলারের খোল থেকে বের করা হয়। এরপর তাঁর গলা ও পায়ের কাছে সিমেন্টভর্তি দুটি বস্তা বাঁধা হয়। মাথা ও কান বরাবর একটি ছোট বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করা হয়। পরে তাঁর পেট কেটে দেওয়া হয়।

সাব্বির রহমান জানান, একজন র‍্যাব সদস্য নিজের হাত ঢুকিয়ে গুলিবিদ্ধ ব্যক্তির পেট কাটার বিষয়টি নিশ্চিত করেন। এরপর জোয়ার-ভাটার কারণে পানির গভীরতা বিবেচনা করে ট্রলারের গতি কমাতে বলেন জিয়াউল আহসান। পরে গোয়েন্দা শাখার চার সদস্যকে সিমেন্টভর্তি বস্তাসহ মরদেহটি নদীতে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ঘটনার পর চরদুয়ানী থেকে জিপ ও মাইক্রোবাসে বরিশালের উদ্দেশে রওনা হন তাঁরা। পথে জিয়াউল আহসান ওই ব্যক্তিকে রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছিলেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির।

একই ধরনের হত্যার আরও অভিযোগ

২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি ঘটনার বর্ণনা দেন সাবেক এই সেনা কর্মকর্তা। ওই ঘটনায় চারজনকে হত্যার কথা উল্লেখ করেন তিনি।

সাব্বির রহমানের জবানবন্দি অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন, পেট কাটা মরদেহটির ডিএনএ পরীক্ষা করে নিহত ব্যক্তিকে সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলাম হিসেবে শনাক্ত করা হয়েছিল।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের বিষয়টিও উঠে আসে সাক্ষ্যে। সাব্বির জানান, ২০১১ সালের জুনে তাঁকে ফোন করে জিয়াউল আহসান বলেন, আলকাছ মাঝি কথিত ‘গলফ অপারেশন’ সম্পর্কে বিভিন্ন তথ্য চরদুয়ানী বাজারে বলে বেড়াচ্ছেন। এতে র‍্যাবের নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে। এরপর আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দেওয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

শুধু পাথরঘাটার চরদুয়ানী নয়, সুন্দরবনেও এ ধরনের অভিযান পরিচালনার কথা জানান সাব্বির রহমান। জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় সুন্দরবনকেন্দ্রিক তিনটি কথিত ‘এনকাউন্টার’ অভিযান প্রত্যক্ষ করেছিলেন বলে দাবি করেন তিনি।

র‍্যাবে দায়িত্ব পালনকালে এসব ঘটনা নিয়ে মানসিক যন্ত্রণার প্রতিকার না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির। চাকরির ১৮ বছর পূর্ণ হলে র‍্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে যান তিনি।

ভার্চুয়ালি হাজিরা আসামির

প্রথম দিনের যুক্তিতর্কে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য প্রসিকিউটররা। এ ছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিরাপত্তাজনিত কারণে সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তাঁর পক্ষে আদালতে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।