দক্ষিণ পূর্ব

গোপালগঞ্জে হামলায় ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যের চিকিৎসাসেবা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ০৮:০৭ সকাল
পঠিত : ৫৪
গোপালগঞ্জে হামলায় ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যের চিকিৎসাসেবা


গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৩০ শয্যার আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। হাসপাতালটির দুটি অপারেশন থিয়েটারসহ চিকিৎসাসেবার সব সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবাও।

গোপালগঞ্জ শহরের থানাপাড়ায় অবস্থিত পাঁচতলা হাসপাতালটিতে গত ১৮ ও ১৯ নভেম্বর দুই দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হাসপাতালটির মালিক গোপালগঞ্জ সদর আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কেএম বাবর।

ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পোড়া আসবাব, ভাঙা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও কাগজপত্রের ধ্বংসাবশেষ। জানালা-দরজার কাচ ভেঙে ফেলা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের টাইলস ও অন্যান্য অবকাঠামোও।

হাসপাতালের নিচতলায় থাকা অভ্যর্থনাকক্ষ, চিকিৎসকদের চেম্বার, আল্ট্রাসনোগ্রাম কক্ষ ও ডায়াগনস্টিক সেন্টার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় তলায় থাকা দুটি অপারেশন থিয়েটারের অপারেশন টেবিল ও লাইট নষ্ট হয়ে গেছে। এ তলার আটটি কেবিনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ তলার ওয়ার্ড, কেবিন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ও আসবাবও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ডা. কেএম বাবর ও তাঁর স্ত্রী গাইনি চিকিৎসক ডা. রাবেয়া খাতুন দীর্ঘ ১৪ বছর ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। প্রতিদিন তাঁরা প্রায় ১২০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র দিতেন। হাসপাতালের বহির্বিভাগেও সব শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা পেতেন। নামমাত্র খরচে সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচারের ব্যবস্থা ছিল। প্রতি মাসে অন্তত ২০০ রোগীর অস্ত্রোপচার করা হতো।

হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা নেওয়া কয়েকজন রোগী জানান, ডা. বাবর ও তাঁর স্ত্রী ব্যবস্থাপত্রের জন্য কোনো টাকা নিতেন না। এমনকি ছোটখাটো কাটাছেঁড়ার চিকিৎসাও বিনামূল্যে দেওয়া হতো। হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় এখন অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ডা. কেএম বাবর বলেন, হাসপাতাল ভাঙচুরের চেয়ে সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় তিনি বেশি উদ্বিগ্ন। এসব কর্মকাণ্ডে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন এবং গোপালগঞ্জের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, তাঁর হাসপাতাল থেকে সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন। সাধারণ মানুষের সেবা এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যেই তিনি কাজ শুরু করেছিলেন।

দুই দফায় হামলা ও অগ্নিসংযোগ

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ থেকে ২০ জন নেতাকর্মী চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তাঁরা হাসপাতালের নিচতলায় ঢুকে অভ্যর্থনাকক্ষ, চিকিৎসকদের চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার ও এমপি বাবরের কক্ষে ভাঙচুর চালান। বিভিন্ন আসবাব বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ওই দিন হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা চার নারী রোগী আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে যান। তাঁদের একজন ওই দিন দুপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছিলেন। মাত্র আট ঘণ্টার নবজাতককে নিয়ে হাসপাতাল ছাড়তে বাধ্য হন তিনি।

পরদিন ১৯ নভেম্বর বিকেল পৌনে ৪টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দ্বিতীয় দফায় হামলা চালান। তাঁরা হাসপাতালের সব তলায় ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন।

নিরাপত্তার অভাবে আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মালেক আলী সরদার জানান, হাসপাতালটিতে আগুন লাগার খবর তাঁরা পেয়েছিলেন। তবে নিরাপত্তার অভাবে অগ্নিনির্বাপণ গাড়ি ও সরঞ্জাম নিয়ে সেখানে যেতে পারেননি।

তিনি বলেন, ফায়ার স্টেশনের বাইরে লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। এ কারণে গাড়ি বের করার কোনো সুযোগ ছিল না।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।