চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক ও লজিস্টিকস কেন্দ্রে পরিণত করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর ও জ্বালানি অবকাঠামোর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রামের বিদ্যমান অবকাঠামো দিয়ে ভবিষ্যতের বড় অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব নয়। তাই এ অঞ্চলকে ঘিরে আরও বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগোতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের টাইগারপাসের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফলও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অতীতে দুর্বৃত্তায়নের মাধ্যমে দেশের সম্পদ লুটপাটের যে ক্ষতি হয়েছে, তার বোঝা এখনো নাগরিকদের বহন করতে হচ্ছে। বিগত সরকারের দুর্নীতির কারণে বিপুল ঋণের বোঝা, দুর্বল ব্যাংকিং খাত ও ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার নিয়ে বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি দুর্বৃত্ত চক্র সক্রিয় রয়েছে। তাদের অপতৎপরতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থনীতি যেন গুটিকয়েক মানুষের নিয়ন্ত্রণে না থাকে, সে জন্য রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি।
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা করতে হলে বন্দরের পরিচালনা ও ব্যবস্থাপনায় আধুনিকায়ন প্রয়োজন। এ লক্ষ্যে বন্দর পরিচালনায় বেসরকারি খাতের ব্যবস্থাপনা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মহেশখালী ও খুলনায় ১৫ থেকে ২০ মিটার ড্রাফটের গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের পিএসএসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে টার্মিনাল সুবিধা সম্প্রসারণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় সম্প্রসারণ কার্যক্রম শিগগির শুরু হবে। বিমানবন্দরে পচনশীল পণ্য সংরক্ষণ ও রপ্তানি সহজ করতে কার্গো ভিলেজ এবং কোল্ড চেইন স্টোরেজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
চট্টগ্রামে ফ্রি পোর্ট সুবিধা চালুর উদ্যোগের কথা জানিয়ে আমির খসরু বলেন, দুবাইয়ের জেবেল আলী ফ্রি পোর্টের আদলে এ ব্যবস্থা গড়ে তুলতে ২০০ থেকে ৩০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে আধুনিক ওয়্যারহাউস নির্মাণের মাধ্যমে বাংলাদেশসহ আঞ্চলিক বাজারে লজিস্টিকস সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের বিকাশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ অপরিহার্য। এ জন্য আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মহেশখালীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে কোরিয়া ও জাপানের দুটি কোম্পানি যুক্ত হয়েছে। জ্বালানি খাতের বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে ব্যবসায়ীদের অন্তত দুই বছর সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
আমির খসরু বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য এবং অতীতের অনিয়মের কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। তবে সরকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এডিবির সঙ্গে ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন কাঠামো চুক্তি হয়েছে। এ অর্থের বড় অংশ চট্টগ্রাম বিমানবন্দর সম্প্রসারণ, লজিস্টিকস সেন্টার ও চট্টগ্রাম হেলথ সিটির মতো প্রকল্পে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিশ্বব্যাংক, আইএমএফ, জাইকা, কোরিয়া, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা একাত্ম হয়েছে। পরিকল্পিত নীতিমালা বাস্তবায়ন করা গেলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে পারে। এ জন্য আগামী পাঁচ বছর রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিরুল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
আয়োজকেরা জানান, এবারের মেলায় ২০টি বৃহৎ প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টলে ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন করছেন।
মেলায় দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে আকর্ষণীয় প্রবেশদ্বার, ফুড জোন, মসজিদ ও শিশুদের জন্য দুটি প্লে-জোন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে বিনা মূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।