চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। নগরের বিমানবন্দর-পতেঙ্গা সড়কে ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এ সাইকেল ট্র্যাক নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
শুক্রবার সকালে ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী নগরের খাল ও নালার পাশ দিয়ে এবং বিভিন্ন সংসদীয় এলাকায় যাতায়াতের সুবিধার্থে এ ধরনের সাইকেল ট্র্যাক নির্মাণের নির্দেশনা দেন। এ কাজে অর্থ মন্ত্রণালয় থেকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সংসদ সদস্য আবু সুফিয়ান, এনামুল হক ও এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশবান্ধব ও আধুনিক নগর গড়ার ক্ষেত্রে সাইকেল ট্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উন্নত বিশ্বের বিভিন্ন শহরে সড়কের পাশে সাইকেলের জন্য পৃথক লেন রয়েছে। চট্টগ্রামে এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নগরের যানজট ও পরিবেশদূষণ কমানোর পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যকর যাতায়াতের সুযোগ তৈরি হবে।
তাঁরা বলেন, সাইকেল ট্র্যাক কেবল সাইকেল চলাচলের পথ নয়, এটি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনেরও প্রতীক। এ পথে নগরবাসীর পাশাপাশি পর্যটকেরাও সাইকেল চালানো ও শরীরচর্চার সুযোগ পাবেন। সাইকেলের জন্য পৃথক লেন থাকলে সড়কে আরোহীদের নিরাপত্তা বাড়বে এবং সাইকেল ব্যবহারে মানুষ আরও উৎসাহিত হবে।
এদিকে সাইকেল ট্র্যাকটি যাতে হকারদের দখলে চলে না যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাইকেল আরোহীরা। তাঁদের মতে, ট্র্যাকটির সুফল নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও দখলমুক্ত রাখা জরুরি।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।