চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক অভিযানে ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। এর মধ্যে এক নারী পেটের ভেতরে বিশেষ কৌশলে ১ হাজার ৯০০ পিস ইয়াবা বহন করছিলেন। অন্যদিকে, একটি মোটরসাইকেলের সিটের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে আরও ২০ হাজার পিস ইয়াবা। এসব ঘটনায় ওই নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. আব্দুর রহিমের স্ত্রী সালমা বেগম (৫০) এবং বান্দরবানের আলীকদম উপজেলার মো. বেলাল মিয়ার ছেলে মো. তারেক (২৭)।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় ইয়াবার চালান চট্টগ্রামে আসার তথ্য পেয়ে শুক্রবার সন্ধ্যায় পটিয়ার চক্রশালার জলুয়ার দিঘীর পাড় এলাকার এসএম কমিউনিটি সেন্টারের সামনে চেকপোস্ট বসানো হয়।
এ সময় নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে সন্দেহভাজন যাত্রী সালমা বেগম ও মো. তারেককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারেক জানান, সালমার পেটের ভেতরে ইয়াবা রয়েছে। পরে তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বাভাবিক প্রক্রিয়ায় সালমার পেট থেকে ৩৮টি প্যাকেটে থাকা ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মোসলেহ উদ্দিন আহমেদ আরও জানান, একই দিন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারার চৌমুহনী বাজার এলাকায় আরেকটি চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্ট দেখে একটি মোটরসাইকেলের চালক পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক দুজন, উদ্ধার করা ইয়াবা এবং জব্দ করা মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।