মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো এবং মানসিক রোগের চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। আইএএইচএসের মানসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বৈজ্ঞানিক সহযোগী ছিল রেনাটা পিএলসি।
অনুষ্ঠানের প্রথম পর্বে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক এবং সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শাফিকা আফরোজ।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শফিউল হাসানের সভাপতিত্বে সেমিনারে মানসিক রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হয়। এতে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং মো. আবদুল আজিজ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান। মানসিক রোগের চিকিৎসা ও তা থেকে সুস্থ হওয়ার বিভিন্ন দিক তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন ইউএসটিসির সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম মনোনিবাস মানসিক হাসপাতালের পার্টানার অধ্যাপক ডা. মো. শফিউল হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ মোল্লা এবং আইএএইচএস ও ইউএসটিসির চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক ও ডা. শাফিকা আফরোজ।
অনুষ্ঠান পরিচালনা করেন রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং মো. আবদুল আজিজ। সমাপনী পর্বে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো. শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে মেনোনিবাস মানসিক হাসপাতালের পরিচালক রেজাউল করিমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে থাকা ভয় ও সংকোচ দূর করা, সচেতনতা বাড়ানো এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিতে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।