জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যে জনগণের আশা-আকাঙ্ক্ষা উঠে আসেনি। বিশ্বমঞ্চে বাংলাদেশের সংকট ও জনগণের প্রত্যাশার বিষয়গুলোও তিনি যথাযথভাবে তুলে ধরতে পারেননি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দলের কার্যালয়ে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্থানীয় সরকার নির্বাচনসহ সার্বিক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সফর করে দেশে ফিরে এসেছেন। নির্বাচিত সরকার আসার পর জাতিসংঘের সাধারণ অধিবেশন ছিল আন্তর্জাতিক বিশ্বমঞ্চে বাংলাদেশের জনগণের চাওয়া-পাওয়া ও প্রত্যাশা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি বলেন, “জাতিসংঘে যে বক্তব্য তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দিয়েছেন, আমরা মনে করি যে জনগণের প্রত্যাশা সেখানে উঠে আসেনি, জনগণের আশা-আকাঙ্ক্ষা উঠে আসেনি। সেখানে তিনি তার দলীয় ইশতেহার ও অ্যাজেন্ডা, ফ্যামিলি কার্ড—এ ধরনের অনেক কিছু বলেছেন।”
নাহিদ ইসলামের অভিযোগ, এসব প্রকল্প ইতোমধ্যে দেশে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে দারিদ্র্য ও দুর্বল মানুষের কথা ছিল, কর্মসংস্থানের কথা ছিল। এগুলো কিছুই হয়নি। ফ্যামিলি কার্ডের নামে হরিলুট হয়েছে। ফ্যামিলি কার্ডের নামে দলীয় লোকরা ফ্যামিলি কার্ড পাচ্ছে। যত ধরনের কার্ড হয়েছে, এগুলো সব দলীয় কার্ডের পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশে সমালোচনা করা যায়, কিন্তু বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন ছিল। তার দাবি, সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী যথাযথভাবে উপস্থাপন করেননি।
জ্বালানি সংকট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে দেশে জ্বালানি সংকট চলছে। সরকারের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সংকট ও যুদ্ধকে এর জন্য দায়ী করা হচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যে সংকট ও ভোগান্তি হচ্ছে, তা আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা প্রয়োজন ছিল।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় কীভাবে বাংলাদেশ জ্বালানি সংকট থেকে বেরিয়ে আসতে পারে, কীভাবে জাহাজগুলো বাংলাদেশে আসতে পারে এবং কীভাবে দেশে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়—এসব বিষয় প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে তুলে ধরতে পারতেন।
ভারত প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখানে অবস্থানরত তার দলের নেতাকর্মীরা রাজনৈতিক কার্যক্রম ও সংবাদ সম্মেলন করছেন বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে ভারতের ভূমিকা নিয়ে কথা বলতে পারতেন।
তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশের গণতন্ত্র ও বিচারব্যবস্থার বিষয়ে ভারতের অবস্থান এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অভিযোগ রয়েছে, সেগুলোও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হয়নি।
দেশের অর্থনৈতিক সংকট নিয়েও প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সহযোগিতা চাওয়ার বিষয়টি যথাযথভাবে উপস্থাপন করতে পারেননি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “ফলে এই জাতিসংঘের সফর থেকে আমাদের কী অর্জন হলো, সেটা জনগণের কাছে উনি স্পষ্ট বার্তা নেই।”
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।