সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান এনসিপি নেতারা। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অভিযাত্রা এবং সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
মাহদী আমিন বলেন, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বৈঠকে এনসিপি নেতারা তাঁদের বক্তব্য তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে এমন একটি বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা রয়েছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও সমান অধিকার নিশ্চিত হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ এবং বিভিন্ন মত ও পথের মানুষ এক হয়েছিল। তখন কারও রাজনৈতিক আদর্শ বিবেচনায় নেওয়া হয়নি। মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। আজকের বৈঠকেও সেই ঐক্যের প্রতিফলন দেখা গেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন। বিশেষ করে আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোতে সবাইকে একমত হতে হবে। এনসিপি নেতাদের সঙ্গে আলোচনায় দেশের মানুষের স্বার্থে জাতীয় ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
দেশে পতিত স্বৈরাচারের অপশক্তি এখনো রয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, দেশের বাইরে অবস্থান করেও তারা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, মতবিনিময়ের ক্ষেত্রে শর্ত দেওয়ার মতো কোনো বিষয় ছিল না। এনসিপির প্রতিনিধিদল তাদের বক্তব্য তুলে ধরেছে, আর প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন।
তিনি বলেন, নতুন করে ঐক্য প্রতিষ্ঠার কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানের সময়ই দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐক্যের ভিত্তিতে স্বাধীন, সার্বভৌম ও তাবেদারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক হবে জনগণ। প্রতিষ্ঠিত ঐক্যকে আরও সুসংহত করাই সরকারের লক্ষ্য।
সংস্কার কার্যক্রমের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও জানিয়েছেন, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার এবং জাতীয় জুলাই সনদে স্বাক্ষরের সময় দেওয়া অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন করবে। এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির সুযোগ নেই।
তিনি আরও বলেন, সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছে। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এ প্রক্রিয়া বাস্তবায়ন করবে।
বৈঠকে এনসিপির পক্ষে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।