ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ছাড়া গভীর রাতে তাঁর ফুফুর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব অভিযোগ জানিয়েছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গতকাল গভীর রাতে তাঁর ফুফুর বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ টেনে ডাকসু ভিপি বলেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
আগামী ডিসেম্বরেই আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত পতন ঘটবে বলে মন্তব্য করেন সাদিক কায়েম।
এদিকে নিজের বাড়িতে হামলার ঘটনার বিস্তারিত জানিয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তাঁর অভিযোগ, গত কয়েক দিন ধরে পরিকল্পিতভাবে তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের হুমকি দেওয়া হচ্ছিল।
মুসাদ্দিক বলেন, ‘আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ মুকসুদপুরে। ওরা গত কয়েক দিন, সপ্তাহজুড়েই পরিকল্পিতভাবে ক্যাম্পেইন করছিল এবং হুমকি দিয়ে আসছিল যে তারা আমার বাড়িঘর ভাঙচুর করে আগুন দেবে, বাড়িঘরে যারা থাকে তাদের মেরে ফেলবে, লুটপাট করবে—এ ধরনের হুমকি-ধমকি তারা দিয়ে আসছিল।’
তিনি জানান, বৃহস্পতিবার ফজরের সময় তাঁর ফুফুর বাড়িতে আগুন দেওয়া হয়। তাঁদের বাড়ি পাশাপাশি হওয়ায় একই বাড়িতে তাঁরা বসবাস করেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁর নিজের বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। গ্রামের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মুসাদ্দিক আরও বলেন, হামলার আগে তাঁর পরিবারের সদস্যরা নিরাপদ দূরত্বে সরে যেতে পেরেছিলেন। এ কারণে তাঁরা প্রাণে বেঁচে গেছেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।