দক্ষিণ পূর্ব

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ ০৭:৪৯ সকাল
পঠিত : ৩৯
তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করতে নিজেই সাইকেল চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর সচিবালয়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে দিনের কর্মসূচির শুরুতে বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সেগুলোর মান ও ব্যবহারিক সুবিধা যাচাই করতে তিনি নিজেই সাইকেল চালিয়ে দেখেন।

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে গিয়ে বিশেষ ধরনের সামরিক যান এটিভি চালিয়েছিলেন প্রধানমন্ত্রী।

বুধবার সচিবালয়ে বাইসাইকেল প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।