দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সংস্থাটিকে টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।
এ ছাড়া বিমানবন্দর থানাকে আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বেবিচক। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠকও হয়েছে। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।