শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, গ্রেপ্তারের পর তাদের কারাগারে যেতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে পলাতক অন্য যেকোনো আসামির ক্ষেত্রে বাংলাদেশের আইনে যে অবস্থান, শেখ হাসিনার ক্ষেত্রেও একই অবস্থান থাকবে।
তিনি বলেন, ‘রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে থেকে কী বলছে, সেটা নিয়ে আলোচনা করা এবং আপনারা যে বিশাল টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট, আমাদের সব সময় নষ্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন একই উত্তর দেব। এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে, দণ্ডপ্রাপ্ত তারা যদি আসে, তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাদেরকে জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।’
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।