আল্লাহর দ্বীন গলায় সাজিয়ে রাখার অলংকার নয়, বড় বড় কথার মধ্যেও দ্বীনের পরিচয় সীমাবদ্ধ নয়। যতটুকু দ্বীনি জ্ঞান অর্জন করা হবে, ততটুকু জীবনে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিনে জুমার নামাজের আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, দেশে ইলম ও আমলের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে। মানুষ দ্বীনি জ্ঞান অর্জন করছেন, বিভিন্ন হাদিস শুনছেন; কিন্তু সেই জ্ঞান অনুযায়ী জীবনে আমল করার প্রবণতা কমে যাচ্ছে। অথচ ইসলামের শিক্ষা হলো, যে জ্ঞান অর্জন করা হবে, তা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, সাহাবায়ে কেরাম ও পূর্ববর্তী মনীষীরা একটি হাদিস বা দ্বীনি নির্দেশনা শুনলেও তা নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করতেন। তাঁদের কাছে জ্ঞান অর্জনের উদ্দেশ্য ছিল শুধু জানা নয়, বরং সেই অনুযায়ী আমল করা।
দৈনন্দিন জীবনের ছোট ছোট নেক আমলের গুরুত্ব তুলে ধরে শায়খ আহমাদুল্লাহ বলেন, চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। অথচ এ ধরনের ছোট ছোট নেক আমল সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে।
তিনি আরও বলেন, ভালো কাজ করার জন্য সব সময় বড় আয়োজন কিংবা বিশেষ সুযোগের প্রয়োজন হয় না। মানুষের উপকারে আসে—এমন ছোট ছোট কাজও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হতে পারে। তাই প্রতিটি কাজে সওয়াবের নিয়ত রাখা এবং অর্জিত দ্বীনি জ্ঞান অনুযায়ী আমল করার আহ্বান জানান তিনি।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।