দক্ষিণ পূর্ব

নাশকতা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ০১:০৫ দুপুর
পঠিত : ৩
নাশকতা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসাধীন পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কথা বলেন। আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি আহত সদস্যদের সাহস জোগান এবং দায়িত্ববোধ ও বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তাঁদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন।

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ মাথায় আঘাত পেয়েছেন, আবার কারও হাড় ভেঙেছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, চাকরিতে যোগদানের সময় সদস্যরা প্রয়োজনে প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তাঁদের এই ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন এবং তাঁরা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা কখনোই সফল হবে না।

সীমান্ত পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্যের বিষয়ে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, সেটি দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।

তিনি বলেন, পুলিশ সদস্যদের অধিকাংশ চিকিৎসার প্রয়োজন হয় আঘাতজনিত কারণে। তাই হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং এ বিষয়ে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক্সের পাশাপাশি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একটি ক্যানসার ইউনিট বা শাখা চালুর বিষয়েও ইতিবাচক মত দেন তিনি।

এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আটজন পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।

চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।