দক্ষিণ পূর্ব

নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, বাঁশখালীতে দুই সড়কে গাছ ফেলে আগুন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৭:৩২ সকাল
পঠিত : ৫৪
নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, বাঁশখালীতে দুই সড়কে গাছ ফেলে আগুন


চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দুটি পৃথক সড়কে এ ঘটনা ঘটে। এ সময় বৈলছড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার দেয়ালের বাইরে পাতার স্তূপেও আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে কালীপুর ইউনিয়নের প্রধান সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। খবর পেয়ে সকাল ৬টার দিকে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি দল পুলিশের উপস্থিতিতে করাত ও চেইন ব্যবহার করে গাছ কেটে সড়কের পাশে সরিয়ে নেয়। এতে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

একই দিন ভোরে শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে সকাল সোয়া ৫টার দিকে ওই সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়।

এসআই/

এদিকে, একই সময় উপজেলার বৈলছড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার দেয়ালের বাইরে পাতার স্তূপে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, দুটি ঘটনায় বাঁশখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে। গাছগুলো সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছগুলো সরানো হয়েছে। তিনি গ্রামীণ ব্যাংকের শাখাটিও পরিদর্শন করেছেন। ব্যাংকের দেয়ালের বাইরে খড়কুটোয় আগুন দিয়ে দুর্বৃত্তরা চলে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।