নেপালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সকালে দেশটির তিব্বত সীমান্তবর্তী তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। কাঠমান্ডু ছাড়াও দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা দ্য ডেইলি স্টারকে জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে বাংলাদেশেও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।