ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
কাস্টমস হাউসের প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার G9 518 ফ্লাইটে আসা যাত্রীদের ওপর নজরদারি করছিল ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
নজরদারির একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিকী নামে এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় গেলে তাকে সন্দেহজনক মনে হয়। পরে কাস্টমসের প্রিভেন্টিভ টিম তার দেহ তল্লাশি করে।
তল্লাশির সময় ওই যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো এবং সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট সদৃশ স্বর্ণের প্যাকেট পাওয়া যায়। প্রতিটির ওজন প্রায় ৪৩০ গ্রাম করে; মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম।
কাস্টমসের তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট পরিশোধনের পর আনুমানিক ১ কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।