প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
স্থগিত পরীক্ষার নতুন তারিখ আগামী দুই-তিন দিনের মধ্যে ঘোষণা করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২-৩ দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
আজ শনিবার সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (১১তম গ্রেড) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সারা দেশের তিন লাখের বেশি প্রার্থীর। পরীক্ষা আয়োজনের জন্য রাজধানীতে প্রায় ১০০টি কেন্দ্রের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
তবে পরীক্ষার আগের রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে।
সেখানে দাবি করা হয়, একটি চক্র আগেই প্রশ্ন ও উত্তর সংগ্রহ করে পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করছে। এ ঘটনায় নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর পরীক্ষা স্থগিতের বিষয়ে আলোচনা শুরু করে অধিদপ্তর। পরে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানান ডি এম আতিকুর রহমান।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।