দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ পেলেও ব্যবস্থা নেয়নি পরিবেশ অধিদপ্তর

saiful
saiful
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৫:৩৮ সকাল
পঠিত : ৪৬
ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ পেলেও ব্যবস্থা নেয়নি পরিবেশ অধিদপ্তর

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। সরেজমিন তদন্তে প্রায় ৫০ হাজার ঘনফুট মাটি কাটার সত্যতা মিললেও এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে, এখনো দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গত ৩ নভেম্বর টিলা কাটার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মঈনুদ্দিন ফয়সাল। পরিদর্শনে টিলা কাটার প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ওই সময় মঈনুদ্দিন ফয়সাল জানান, ফিতা দিয়ে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরিমাপ করে দেখা গেছে, টিলাটির উপরিভাগ থেকে প্রায় দুই ফুট গভীর করে আনুমানিক ৫০ হাজার ঘনফুট মাটি কাটা হয়েছে। পরিদর্শনে পাওয়া তথ্য প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে পরিদর্শনের পর এক মাসের বেশি সময় পার হলেও তদন্ত প্রতিবেদন বা আইনি পদক্ষেপের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট পরিদর্শক মঈনুদ্দিন ফয়সালকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মুজাহিদুর রহমান বলেন, আইনি ব্যবস্থা কার্যকরের জন্য প্রক্রিয়া চলছে।

এদিকে ফটিকছড়ি উপজেলার উত্তর পাইন্দং এলাকায় খালেদা কালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টিলা কেটে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। প্রায় পাঁচ একর আয়তনের সরকারি রাবার বাগানসংলগ্ন প্রাকৃতিক টিলাটির মাটি কেটে সমতল করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান ও জরিমানা সত্ত্বেও টিলা কাটা বন্ধ হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকায় পাইন্দং আমতল থেকে পূর্ব দিকে টিলাটির অবস্থান। বিদ্যালয়ের সামনেই টিলার মাটি কেটে পাকা ঘর নির্মাণের কাজ চলছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ শওকত ও তাঁর ছেলে ইরতিসাম কালাম ইরসালের নাম উঠে এসেছে। তাঁরা পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

এর আগে একই এলাকায় টিলা কাটার ঘটনায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল উপজেলা প্রশাসন। কিন্তু জরিমানার পরও মাটি কাটা অব্যাহত থাকায় প্রশাসনের নজরদারি ও আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

পরিবেশ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬খ ধারায় পাহাড় ও টিলা কাটা বা মোচনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ আইন লঙ্ঘনের প্রথম অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে দুই থেকে ১০ বছর কারাদণ্ড অথবা দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত যন্ত্রপাতি ও যানবাহন বাজেয়াপ্ত করারও সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসন কার্যকরভাবে আইন প্রয়োগ না করায় নির্বিচারে পাহাড়-টিলা কাটা হচ্ছে। ফলে প্রভাবশালী অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী মুনিরা পারভীন রুবা বলেন, পাহাড়-টিলা কাটা নতুন কোনো ঘটনা নয়। সাধারণত প্রভাবশালী ব্যক্তিরা এসব কর্মকাণ্ডে জড়িত থাকেন। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন কার্যকরভাবে আইন প্রয়োগ না করায় নির্বিচারে পাহাড়-টিলা কাটা হচ্ছে। এটি পরিবেশের জন্য প্রতিনিয়ত হুমকি তৈরি করছে। এসব কর্মকাণ্ড বন্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।

এসআই/


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।