দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে ধানের স্তূপে আগুন, এক রাতেই নিঃস্ব বর্গাচাষি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ১১:০৫ দুপুর
পঠিত : ৫৩
ফটিকছড়িতে ধানের স্তূপে আগুন, এক রাতেই নিঃস্ব বর্গাচাষি

সারা বছরের পরিশ্রমে ফলানো পাকা ধান ঘরে তোলার আগেই পুড়ে ছাই হয়ে গেছে বর্গাচাষি মোহাম্মদ জাহাঙ্গীরের। রাতের আঁধারে কে বা কারা তার কেটে রাখা ধানের স্তূপে আগুন দিয়েছে। এতে প্রায় ৬০ শতক জমির ধান নষ্ট হয়েছে। ঋণ করে চাষ করা ফসল হারিয়ে এখন সংসার চালানো ও ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের লাল-মাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ জাহাঙ্গীর ওই এলাকার বাসিন্দা। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঋণ করে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন তিনি। দীর্ঘদিনের পরিচর্যা ও পরিশ্রমে জমিতে পাকা ধান ফলান। সোমবার ধান কেটে বাড়িতে নেওয়ার জন্য রাস্তার পাশে স্তূপ করে রাখেন। কিন্তু রাতের আঁধারে কে বা কারা সেই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় পুরো স্তূপের ধান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া ধানের ছাইয়ের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন জাহাঙ্গীর।

তিনি বলেন, ‘এলাকায় কারও সঙ্গে আমার কোনো শত্রুতা বা বিরোধ নেই। কে বা কারা আমার এমন সর্বনাশ করল, তা বুঝতে পারছি না। ঋণ করে বর্গা জমিতে চাষ করেছিলাম। এখন সংসার চালাব কীভাবে, আর ঋণের টাকা কীভাবে শোধ করব, তা ভেবে কোনো কূলকিনারা পাচ্ছি না।’

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা পুড়ে যাওয়া ফসলের অবস্থা দেখেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। একজন কৃষক অনেক কষ্ট ও পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। তাঁর কাটা ধানের স্তূপে এভাবে আগুন দেওয়ার ঘটনা সত্যিই বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হবে।’

এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এক রাতের আগুনে শুধু ধান নয়, পুড়ে গেছে কৃষক জাহাঙ্গীরের সারা বছরের শ্রম ও স্বপ্ন। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।