দক্ষিণ পূর্ব

৩০ মোটরসাইকেল ভাঙচুর, ৫টি ছিনতাই ও অগ্নিসংযোগ

ফটিকছড়িতে যুবদলের মিছিলে নিষিদ্ধ সংগঠন যুবলীগের হামলা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ ১২:৫৮ দুপুর
সর্বশেষ আপডেট : ৬ দিন আগে
পঠিত : ১৩৯
ফটিকছড়িতে যুবদলের মিছিলে নিষিদ্ধ সংগঠন যুবলীগের হামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 এ ঘটনায় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, পাঁচটি ছিনিয়ে নেওয়া এবং কয়েকটিতে অগ্নিসংযোগ দেওয়া হয়। হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে দক্ষিণ ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের কিফায়েত নগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কিফায়েত নগরের শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি পাঁচটি ছিনিয়ে নেওয়া হয়। কয়েকটি মোটরসাইকেলে আগুনও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা-কর্মীরা।

হামলায় আহত আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির  করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালিয়ে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে মিছিলে হামলা করেছেন। তাঁরা আগে থেকেই হামলার প্রস্তুতি নিয়ে ওত পেতে ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, এর আগে শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় নানুপুর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে। মিছিলটির নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শুক্রবারের ওই মিছিলের প্রতিবাদে শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করলে হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করেছেন। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। হামলাকারী যে-ই হোক, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।