স্বাধীনতার পর ব্যক্তি মালিকানাধীন শিল্পকারখানা জাতীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের সরকার শ্রমিকদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন তিনি। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক অধিকারবিষয়ক প্রসঙ্গে কথা বলেন জামায়াতের এই সংসদ সদস্য।
শাহজাহান চৌধুরী বলেন, পাকিস্তান আমলে চট্টগ্রাম, খুলনা, তেজগাঁও ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অনেক শিল্পকারখানা গড়ে উঠেছিল। এসব কারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করতেন। ১৯৭১ সালে শ্রমিকেরাও রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। কিন্তু স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকার ব্যক্তি মালিকানাধীন শিল্পকারখানাগুলো জাতীয়করণ করে। এরপর এসব কারখানায় লুটপাট শুরু হয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে যেসব শিল্পকারখানা লুটপাট হয়েছে, সেগুলোর বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। কারা এসব কারখানা লুট করেছেন, তাঁদের তালিকাও জনগণের সামনে প্রকাশ করতে হবে।
আগামী দিনের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, দেশপ্রেমিক রাজনৈতিক দল ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে। এ জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
শ্রমিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়ে জামায়াতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শ্রমিক ও বেকার যুবকদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। নির্বাচনি ইশতেহারে বেকার যুবকদের বিনা সুদে, দলিল ও বন্ধক ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করার ঘোষণা রয়েছে।
শ্রমিক সংগঠনকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামে পোশাকশিল্প ও নির্মাণশিল্পসহ বিভিন্ন খাতে বিপুলসংখ্যক শ্রমিক রয়েছেন। তাঁদের কতজনকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছে, তা ভাবতে হবে। শুধু সম্মেলন ও জনসভা করলেই হবে না, শ্রমিকদের কাছে পৌঁছাতে হবে।
তিনি বলেন, দ্বিবার্ষিক সম্মেলন থেকে চট্টগ্রামের সব মিল-কারখানা ও শ্রমিকের কাছে শ্রমিক কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার শপথ নিতে হবে। ফেডারেশনের পতাকাতলে নগরের সব শ্রমিককে সংগঠিত করতে হবে।
জামায়াতে ইসলামীর ইতিহাস প্রসঙ্গে তিনি দাবি করেন, ১৯৪১ সালে দলটি প্রতিষ্ঠিত হলেও ১৯২৭ সাল থেকেই উপমহাদেশে দলটি প্রতিষ্ঠার প্রচার ও উদ্যোগ ছিল।
সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।