উপমহাদেশের সংগীত ও চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি ব্যক্তিত্ব রুনা লায়লা ও শবনমকে দেওয়া হয়েছে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’। নিজ নিজ ক্ষেত্রে দীর্ঘদিনের অসামান্য অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁদের আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে।
প্রয়াত সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ শীর্ষক এ আয়োজনের উদ্যোগ নেয় সুরগম সাউন্ড স্টেশন। এতে সহযোগিতা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি দুই গুণী শিল্পীর হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, বশির আহমেদের দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এই সম্মাননা প্রদান কার্যক্রম চালু হয়। সংগীত ও চলচ্চিত্রে দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ রুনা লায়লা ও শবনমকে আজীবন সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দুই কিংবদন্তি শিল্পীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।