দক্ষিণ পূর্ব

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ ০৮:২৭ রাত
পঠিত : ১
বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

বাংলাদেশি নাগরিক ভেবে ভারতের দুই নাগরিককে আটক করে গুলি করার পর বাংলাদেশ সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে আহত অবস্থায় ওই দুই ভারতীয় নাগরিককে ফেলে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বাংলাদেশি সহযোগীরা তাদের উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। বর্তমানে পুলিশি পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মাইনকারচর এলাকার বাসিন্দা। আব্দুল আলীম আব্দুল মজিদ মন্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন ইসমাইল হোসেন অভিযোগ করেন, ভারতীয় সীমান্তের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশি নাগরিক মনে করে আটক করেন। পরে তাদের বাংলাদেশ সীমান্তের দিকে নিয়ে এসে গুলি করে ফেলে রেখে যায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, আহত দুই ভারতীয় নাগরিককে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করবে।

তবে অভিযোগের বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।