দক্ষিণ পূর্ব

বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ১২:২৬ দুপুর
পঠিত : ৬৭
বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

ছডি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করে ভাটারা থানা পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নিচতলায় যান এক প্রবাসফেরত ব্যবসায়ী। ওই সময় ইসলামী ফাউন্ডেশন নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে মুফতি রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে আরেক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এতে তাঁর চোখের নিচে গুরুতর জখম হয় এবং ডান চোখের দৃষ্টিশক্তি হারান তিনি। এ ছাড়া তাঁকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় এবং পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন। মসজিদের প্রায় ৫০ লাখ টাকার সম্পদও ক্ষতিগ্রস্ত হয়।

রিমান্ড আবেদনে সিআইডি উল্লেখ করেছে, ঘটনার সময় আসামির ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, সংঘর্ষের পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না, অপরাধ সংঘটনে আর্থিক লেনদেন হয়েছে কি না এবং ঘটনার পরিকল্পনা ও উদ্দেশ্য উদঘাটনে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পাশাপাশি হামলায় জড়িত ও নেতৃত্বদানকারীদের পরিচয় এবং মামলার অন্য আসামিদের সংশ্লিষ্টতা জানতেও তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।

প্রসঙ্গত, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা এলাকার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে মসজিদে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে খতিবের পদ থেকে অপসারণ করে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।