দক্ষিণ পূর্ব

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ ০৯:০৭ সকাল
পঠিত : ৬১
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

ছবি

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে প্রথমবারের মতো তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকার ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান পেয়েছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রকাশনায় উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে দলটি আবার রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

এবারের তালিকায় বাংলাদেশের মানবাধিকারকর্মী, গবেষক ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেনও রয়েছেন। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নিয়মিত এই তালিকায় স্থান পাচ্ছেন।

তবে আগের ২০২৬ সালের সংস্করণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের মধ্যে ৫০তম অবস্থানে থাকলেও ২০২৭ সালের সংস্করণে তাঁর নাম নেই।

প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়।

তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো ক্রমে না রেখে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই এই র‍্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।