চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার ব্যাংক হিসাবে এক বছরে প্রায় ৯২ লাখ টাকার লেনদেন, পদোন্নতি ও বদলিতে অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা দেখানো এবং আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক চট্টগ্রাম-২-এর একটি দল। দুদকের সহকারী পরিচালক মো. রাজু আহমদের নেতৃত্বে চার সদস্যের দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় বিভিন্ন নথিপত্র সংগ্রহের পাশাপাশি ব্যাংক লেনদেনের বিবরণী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়।
দুদক সূত্রে জানা যায়, ফজলুল হক স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি। অভিযোগ রয়েছে, এ পদ ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে দাপ্তরিক কাজের বাইরে রাজনৈতিক ও প্রশাসনিক তদবিরে যুক্ত ছিলেন। বিগত সরকারের আমলে তৎকালীন এক মন্ত্রীর ঘনিষ্ঠজন পরিচয়ে স্বাস্থ্য বিভাগে প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে।
তার ব্যাংক লেনদেন নিয়েও প্রশ্ন উঠেছে। দুদকের অনুসন্ধানে সোনালী ব্যাংকের একটি হিসাবে গত এক বছরে প্রায় ৯২ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, রাঙ্গুনিয়া ছাড়াও ঢাকা, রাজশাহী, রামগড় ও আলীকদমসহ বিভিন্ন স্থান থেকে নগদ টাকা জমা এবং অনলাইন লেনদেনের মাধ্যমে তার হিসাবে অর্থ এসেছে। এসব অর্থের একটি অংশ জমা হওয়ার পরপরই উত্তোলন করা হয়েছে। ১৫তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর হিসাবে এত বিপুল অঙ্কের লেনদেনের উৎস খতিয়ে দেখছে দুদক।
কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় উপস্থিতি দেখানোর অভিযোগ রয়েছে ফজলুল হকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় তার স্বাক্ষর থাকত। গত ১৭ ফেব্রুয়ারি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আকস্মিক পরিদর্শনে গিয়ে তাকে কর্মস্থলে পাননি। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর আগেও ২০১৯ সালে কর্মস্থলে অনুপস্থিতি ও টালিশিট জমা না দেওয়ার অভিযোগে তাকে একাধিকবার কৈফিয়ত তলব করা হয়েছিল বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।
এ ছাড়া নিয়মিত বিমানে ঢাকা যাতায়াতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ-সংক্রান্ত বিমান টিকিট ও বোর্ডিং পাসের তথ্যও অভিযোগসংশ্লিষ্ট নথিতে রয়েছে বলে জানা গেছে।
নিজ সন্তানের স্কুলে ভর্তির ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগ উঠেছে ফজলুল হকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সন্তানকে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে ভর্তি করাতে রাউফাবাদ আরবান ডিসপেনসারিতে সংযুক্তি দেখিয়ে একটি কথিত বদলি আদেশ ও প্রত্যয়নপত্র তৈরি করেন তিনি। এসব কাগজপত্র দিয়ে জেলা প্রশাসক ও স্কুল ভর্তি কমিটির কাছে আবেদন করা হয়। অথচ ওই সময়ে তার কর্মস্থল ছিল রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
স্বাস্থ্য সহকারী থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতি নেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ, বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) এবং পুলিশ ভেরিফিকেশন-সংক্রান্ত প্রক্রিয়া অনুসরণ না করেই তিনি পদোন্নতি পান।
এর আগে সীতাকুণ্ড থেকে বদলি বাতিলের প্রলোভন দেখিয়ে সহকর্মী সুরেশ চন্দ্র দাশের কাছ থেকে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফজলুল হক চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। দুদকের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, এনফোর্সমেন্ট অভিযানের প্রতিবেদন দ্রুতই কমিশনে পাঠানো হবে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।