দক্ষিণ পূর্ব

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৬ জুন ২০২৬
পঠিত :
মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

ছবি

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা পালিত হবে।

 

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।

 

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এবার জিলহজ মাস ২৯ দিনে শেষ হয়েছে। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম, যা ইসলামের চারটি সম্মানিত মাসের অন্যতম।

 

আশারা থেকে আশুরা শব্দের উৎপত্তি। এর অর্থ হচ্ছে দশ। আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। দিনটি ইসলামের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতের স্মৃতিবিজড়িত এই দিন মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়।

 

মহান আল্লাহ যেদিন আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নাম, লাওহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টি-জীবের আত্মা সৃষ্টি করেছিলেন সে দিনটি ছিল ১০ মহররম তথা পবিত্র আশুরার দিন।

 

এ ছাড়া হাদিসে আশুরার রোজার বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে। আশুরার দিন এবং তার আগে বা পরে একদিন রোজা রাখার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, বাংলাদেশে পবিত্র আশুরা উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি পালন করা হয়।

 

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।