দক্ষিণ পূর্ব

মাঠে বেগুন ৪ টাকা, বাজারে ২০

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ ০৮:৩১ সকাল
পঠিত : ৬১
মাঠে বেগুন ৪ টাকা, বাজারে ২০

ছবি

ভালো ফলনই কাল হয়ে দাঁড়িয়েছে রংপুর অঞ্চলের সবজি চাষিদের জন্য। বাজারে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বেগুন, লাউ ও ফুলকপিসহ বিভিন্ন সবজির দাম নেমে এসেছে উৎপাদন খরচের নিচে। কোথাও কৃষক কেজিপ্রতি বেগুন বিক্রি করছেন মাত্র ৪ থেকে ৫ টাকায়। অথচ খুচরা বাজারে সেই বেগুনের দাম ১৬ থেকে ২০ টাকা। উৎপাদন খরচ তুলতে না পেরে ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। অন্যদিকে মাঠে দাম কমলেও তার সুফল পাচ্ছেন না সাধারণ ভোক্তারা।

রংপুরের পীরগঞ্জ উপজেলার কৃষক তাইজুর রহমানের অভিজ্ঞতা সেই সংকটেরই উদাহরণ। এক মাস আগেও তিনি প্রতি কেজি বেগুন বিক্রি করেছেন ৪০ থেকে ৪৫ টাকায়। অথচ চলতি সপ্তাহে সেই বেগুনের দাম নেমে এসেছে ৪ থেকে ৫ টাকায়। যেখানে প্রতি কেজি বেগুন উৎপাদনে তাঁর খরচ প্রায় ৭ টাকা।

৪৫ বছর বয়সী এই কৃষক বলেন, ‘ফলন ভালো হয়েছে, কিন্তু দাম একেবারে পড়ে গেছে। বিনিয়োগের টাকা কীভাবে তুলব, ঋণ শোধই বা করব কীভাবে, বুঝতে পারছি না।’

গত বছর তিন বিঘা জমিতে আগাম বেগুন চাষ করে ১ লাখ ২৫ হাজার টাকা লাভ করেছিলেন মিজানুর। এবারও একই আশায় ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। কিন্তু সার ও সেচের জ্বালানির দাম বাড়ায় তাঁর উৎপাদন খরচ ১ লাখ ৫২ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার টাকায়। এতে এবার ৪০ থেকে ৪৫ হাজার টাকা লোকসানের আশঙ্কা করছেন তিনি।

শুধু মিজানুর নন, রংপুর বিভাগের আট জেলার কৃষকদের একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীর কৃষকেরাও বলছেন, মৌসুমের শুরুতে ভালো দাম পেলেও উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে সবজির দাম তলানিতে নেমেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তাদের মতে, অনুকূল আবহাওয়া ও বৃষ্টিপাত কম হওয়ায় এবার সবজির ফলন বেড়েছে। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৭ শতাংশ এবং অক্টোবরে ৬৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কামরুল হাসান জানান, গত অক্টোবরে রংপুরে বৃষ্টিপাত হয়েছে মাত্র ২৭ মিলিমিটার। আগের বছরের একই সময়ে বৃষ্টিপাত ছিল ১০৯ মিলিমিটার।

ডিএইর সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল বলেন, ‘দেশে একই পরিমাণ জমিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সবজি উৎপাদিত হয়েছে। চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় সবজির দাম ও কৃষকের আয়—দুটিই কমেছে।’

একদিকে সবজির দাম কমছে, অন্যদিকে বাড়ছে উৎপাদন খরচ। শ্রমিকের মজুরি, সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় কৃষকদের ব্যয়ও বেড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশে ব্যবহৃত মোট ডিজেলের প্রায় ১৫ শতাংশ কৃষিকাজে, বিশেষ করে সেচের কাজে ব্যবহৃত হয়।

কয়েকটি জেলার কৃষকের অভিযোগ, অনুমোদিত ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সার না পেয়ে তাঁদের খোলাবাজার থেকে সার কিনতে হচ্ছে। এতে সরকারি দামের চেয়ে বস্তাপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেশি গুনতে হচ্ছে।

রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম আবু বকর সাইফুল ইসলামের হিসাব অনুযায়ী, আগাম মৌসুমের চারটি সবজির উৎপাদন খরচ গত বছরের তুলনায় ১৫ থেকে ২৫ শতাংশ বেড়েছে।

এ বছর প্রতি বিঘা ফুলকপি উৎপাদনে খরচ হচ্ছে ৫৫ থেকে ৬০ হাজার টাকা। গত বছর এ খরচ ছিল ৪৮ থেকে ৫০ হাজার টাকা। একইভাবে মুলার উৎপাদন খরচ বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা, বেগুনের ৬ থেকে ৭ হাজার এবং লাউয়ের ৫ থেকে ৬ হাজার টাকা।

মাঠপর্যায়ে সবজির দাম কমলেও খুচরা বাজারে তার প্রতিফলন নেই। কৃষকের কাছ থেকে কম দামে সবজি কিনে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। এতে কৃষক ও ভোক্তার মাঝখানে সরবরাহব্যবস্থা এবং মধ্যস্বত্বভোগীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

রংপুর সিটি বাজারের সবজি আড়তদার আকবর আলী বলেন, ‘কৃষক বেগুন বিক্রি করছেন কেজিপ্রতি ৪ টাকায়, অথচ একই বেগুন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৬ থেকে ২০ টাকায়।’

বাজারের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর রংপুরে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ২০ থেকে ৫০ টাকায়। গত বছর একই সময়ে দাম ছিল ৪০ থেকে ৬০ টাকা। ঝিঙা বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকায়, যা গত বছর ছিল ৪০ থেকে ৪৫ টাকা। কমেছে মিষ্টিকুমড়ার দামও।

আকবর আলী জানান, ঢাকা ও অন্যান্য এলাকা থেকে সবজি কিনতে রংপুর অঞ্চলে আসা ব্যবসায়ীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭০ থেকে ৮০ শতাংশ কমেছে। ফলে স্থানীয় বাজারেই অধিকাংশ সবজি বিক্রি করতে হচ্ছে। এতে দাম আরও কমে যাচ্ছে।

এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, ‘সরবরাহ শৃঙ্খল, মধ্যস্বত্বভোগী ও বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণের অভিযোগ আছে। কৃষক যদি বর্তমান দামের দুই-তিন গুণও পেতেন, তাহলে তাঁদের লোকসান গুনতে হতো না।’

রংপুর সদর উপজেলার মমিনপুরের কৃষক নিতাই চন্দ্র দাস চার বিঘা জমিতে লাউ চাষ করেছেন। লাউ ও লাউশাক বিক্রি করে দেড় লাখ টাকা আয়ের প্রত্যাশা ছিল তাঁর। দুই সপ্তাহ আগেও প্রতিটি লাউ ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করেছেন। কিন্তু এখন দাম কমে দাঁড়িয়েছে মাত্র ৩ থেকে ৪ টাকায়। অনেক সময় এই দামেও ক্রেতা পাওয়া যাচ্ছে না।

৬০ বছর বয়সী এই কৃষকের বিঘাপ্রতি উৎপাদন খরচ ৩৪ হাজার টাকা থেকে বেড়ে ৪৫ হাজার টাকা হয়েছে। তাঁর আশঙ্কা, এবার প্রায় ৪৫ হাজার টাকা লোকসান হবে।

নিতাই চন্দ্র দাস বলেন, ‘গাছে রেখে দিলে লাউ পচে যাবে, আবার তুলতে গেলে শ্রমিকের মজুরি দিতে হবে। আমরা এখন উভয়সংকটে।’

একই অবস্থা ফুলকপি চাষি সুলতান আলীর। রংপুর সদর উপজেলার খাসবাগ এলাকার ৭০ বছর বয়সী এই কৃষক দুই বিঘা জমিতে ৮ হাজার ৪০০টি আগাম ফুলকপির চারা লাগিয়েছেন। এতে তাঁর খরচ হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা।

প্রতিটি ফুলকপির ওজন প্রায় ৭০০ গ্রাম। উৎপাদন খরচ পড়ছে ১৩ থেকে ১৪ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১১ টাকায়। গত বছর একই আকারের ফুলকপি উৎপাদনে খরচ হয়েছিল ১০ থেকে ১১ টাকা, বিক্রি করেছিলেন ২৫ থেকে ২৭ টাকায়।

সুলতান আলী বলেন, ‘তিন সপ্তাহ আগে ফুলকপি তোলা শুরু করেছি। তখন উৎপাদন কম ছিল, প্রতিটি ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি করেছি। ভেবেছিলাম এবার ভালো লাভ হবে। কিন্তু এখন খরচের চেয়েও কম দাম পাচ্ছি।’

ভালো ফলনের পরও ন্যায্য দাম না পাওয়ায় রংপুর অঞ্চলের কৃষকদের মধ্যে হতাশা বাড়ছে। উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের এই ব্যবধান তাঁদের চাষাবাদে নিরুৎসাহিত করার পাশাপাশি ঋণের বোঝাও বাড়িয়ে তুলছে। অন্যদিকে কৃষকের কাছ থেকে কম দামে কেনা সবজি ভোক্তাদের কাছে কয়েকগুণ বেশি দামে পৌঁছানোর বিষয়টি বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকেও সামনে এনেছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।