বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল ঢাকার আদালতে এ আবেদন করেন। তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে নাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা এবং অপরাধ সংঘটনে নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।
এ সময় অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করে এবং এলোপাতাড়ি মারধর ও গুলি চালায়। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।