দক্ষিণ পূর্ব

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ০১:১৭ দুপুর
পঠিত : ৫২
রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

ছবি

আসন্ন পবিত্র রমজানে সারাদেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ানো হচ্ছে ৭০টি। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে নতুন করে আরও ৬ লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন।

রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি। টিসিবির স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।

টিসিবির চেয়ারম্যান জানান, অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি ইতোমধ্যে একটি ক্রয় পরিকল্পনা তৈরি করেছে। এর আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি।

একই সময়ে সয়াবিন বীজ আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার টনে। আগের বছরের একই সময়ের তুলনায় এ আমদানি বেড়েছে ১ লাখ ১৩ হাজার টন।

চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। এ সময়ে চিনির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের।

রমজানে ইফতারের অন্যতম উপকরণ ছোলার আমদানিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন। এ সময়ে ছোলার জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের।

এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের।

অন্যদিকে, খেজুর আমদানি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার টনে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪ হাজার টন।

টিসিবির বাড়তি ট্রাকে পণ্য বিক্রি, উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত আমদানির প্রস্তুতি এবং বাজারে পণ্যের আমদানি বাড়ার তথ্য আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে। তবে এসব উদ্যোগের সুফল কতটা সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছাবে, তা নির্ভর করবে যথাসময়ে পণ্য সংগ্রহ ও সুষ্ঠু বিতরণের ওপর।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।