বুধবার রাঙামাটি সদরের বিভিন্ন রিসোর্ট ও রেস্টুরেন্টে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৫২ ধারা লঙ্ঘনের দায়ে বার্গি রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই আইনের ৩৯ ধারা লঙ্ঘনের দায়ে রেজাং রিসোর্টকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজিদ রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন রিসোর্ট ও রেস্টুরেন্টে পর্যটকদের কাছ থেকে সেবার মূল্য নেওয়া হলেও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছিল না। পাশাপাশি সংরক্ষণ করা খাবারের মান ও মেয়াদ নিয়েও অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজিদ রহমান বলেন , পর্যটন মৌসুমকে সামনে রেখে রাঙামাটির বিভিন্ন রেস্টুরেন্ট, রিসোর্ট ও খাবারের প্রতিষ্ঠানে অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে। ভোক্তার সঙ্গে প্রতারণা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন কিংবা খাদ্য সংরক্ষণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।