দক্ষিণ পূর্ব

রাজধানীতে নিরাপত্তা জোরদার, চেকপোস্ট-টহলের পাশাপাশি মাঠে গোয়েন্দা নজরদারি

saiful
saiful
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১১:৫৫ দুপুর
পঠিত : ২৬
রাজধানীতে নিরাপত্তা জোরদার, চেকপোস্ট-টহলের পাশাপাশি মাঠে গোয়েন্দা নজরদারি
Degchibarictg

রাজধানী ঢাকায় সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার ও প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন তৎপরতার তথ্য সামনে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশির পাশাপাশি মোটরসাইকেল চলাচলেও নজরদারি বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা ও সহিংসতার পেছনে শীর্ষ সন্ত্রাসীদের মদদ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের তথ্য গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এসব ঘটনার মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করে সরকারকে চাপে ফেলার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় যৌথ অভিযান চালানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকেও দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তি ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে যাদের নাম আসছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। অপরাধীদের ধরতে পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে। এসব অভিযান আরও জোরদার করা হবে। নতুন করে সক্রিয় হয়ে ওঠা অপরাধীদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিএমপির পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নও (এসআরবি) রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে। সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী জানান, রাজধানীজুড়ে ৪০টির বেশি চেকপোস্ট এবং ২১টি টহল দল কাজ করছে। সাদা পোশাকে গোয়েন্দা ও আভিযানিক দলও মাঠে রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফরমে নজরদারি চালানো হচ্ছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।