রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায় স্বীকার, অপরাধীদের বিচার এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান।
তিনি বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করতে মিয়ানমারকে অপরাধীদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধে দেশটির আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের প্রতি সংহতি জানাতে নিউইয়র্ক থেকে বাংলাদেশে আসেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় এক ফেসবুক পোস্টে পররাষ্ট্রমন্ত্রীর সফর ও বক্তব্যের তথ্য জানিয়েছে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং স্থায়ীভাবে নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, প্রত্যাবাসন মানে শুধু রোহিঙ্গাদের এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া নয়। তাদের রাখাইন রাজ্যে নিজ নিজ আদি নিবাসে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। সেখানে নাগরিকত্বের অধিকার ফিরিয়ে দেওয়া, অবাধ চলাচলের স্বাধীনতা, পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলন এবং সব ধরনের বৈষম্য থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এসব অধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসযোগ্য নিশ্চয়তাও প্রয়োজন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায় ঘোষণার এক দিন পর কক্সবাজারে এ সফর করেন খলিলুর রহমান।
গতকাল বৃহস্পতিবার দেওয়া রায়ে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করেন। আদালতের প্রায় ৮০ বছরের ইতিহাসে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায়ে এমন রায় এই প্রথম।
রায়ে বিচারকরা উল্লেখ করেন, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর উত্তর রাখাইন রাজ্যে পরিচালিত তথাকথিত 'নিরাপত্তা অভিযান' চলাকালে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়।
আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। ফলে রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর সুস্পষ্ট আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে।
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এ রায় ভুক্তভোগীদের প্রতি শক্তিশালী স্বীকৃতি। একই সঙ্গে এটি স্পষ্ট বার্তা দিয়েছে, অপরাধ করে দায়মুক্তি পাওয়ার সুযোগ থাকা উচিত নয়।
আরআরআরসি কার্যালয়ের মতে, আদালতের এ রায়ের মধ্য দিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এখন রায়ের নির্দেশনা বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির দায়িত্ব মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর বর্তেছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।