জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বৈঠকে জাতীয় ঐক্যের ভিত্তি নির্ধারণ করা হয়েছে। বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য গড়ে তুলতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী আমলের সব হত্যা ও গুম-খুনের বিচারকে মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণের কথা জানিয়েছেন নেতারা।
রোববার (১৫ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধ জাতীয় ঐক্যের মৌলিক ভিত্তি হওয়া উচিত। সরকার এসব বিষয়ে আন্তরিক ও কার্যকর উদ্যোগ নিলে ১১ দলীয় ঐক্য বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত।
এদিকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ আপাতত স্থগিত করা হয়েছে। সড়কের বেহাল অবস্থা, বিকল্প হিসেবে ট্রেনে কর্মসূচি পালনে কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং জনদুর্ভোগের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হামিদুর রহমান আযাদ।
তিনি অভিযোগ করেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠনে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া সংস্কার উদ্যোগগুলো বাতিলের মাধ্যমে সরকার সংস্কারের অঙ্গীকার থেকেও সরে এসেছে। জনগণের রায় উপেক্ষা করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার পরিণতি শুভ হবে না বলেও সতর্ক করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, একের পর এক বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। মানুষের জানমালের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। অথচ এসব অপরাধ দমনে সরকারের দৃশ্যমান ও কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।
ডিসেম্বরকে ঘিরে পরাজিত ফ্যাসিবাদীদের সম্ভাব্য নাশকতা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলার কথাও জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈমসহ অন্য নেতারা।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।