দক্ষিণ পূর্ব

লামার ফাইতংয়ে ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ ০৮:১৮ রাত
পঠিত : ৩২
লামার ফাইতংয়ে ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

ছবি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের প্রথম অংশে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। ফাইতং এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর ৬(খ) ধারার লঙ্ঘন এবং ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ১৫ ধারা অনুযায়ী ১টি ইটভাটাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিনে পৃথকভাবে অপর একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন। এসময় আরও ১২টি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এই দুটি অভিযানে সর্বমোট ১৩টি মামলায় ১৩ জন আসামিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেবল জরিমানা আদায় শেষ কথা নয়; ইটভাটার মালিকরা আইন না মানলে প্রয়োজনে সেসব ইটভাটা গুড়িয়ে দেওয়া হবে।

ইটভাটায় এসব অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব ও পরিদর্শক নূর উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন লামা থানার পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।