রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় পড়া শুরু করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করছেন। এর আগে সোমবার মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়।
মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হয়।
নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত ১০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এই বেঞ্চ গঠন করেন। রামিসা ধর্ষণ ও হত্যা মামলাটিও এ বেঞ্চের কার্যতালিকায় ছিল।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান পল্লবী থানায় মামলা করেন। মামলায় প্রতিবেশী সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়।
তদন্তে উঠে আসে, সোহেল রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেন। পরে অপরাধ আড়াল করতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন বলে তদন্তকারীরা জানান।
গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ মামলায় প্রধান আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেন। একই অপরাধে সহযোগিতার দায়ে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় নিম্ন আদালত এ রায় ঘোষণা করেন।
পরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সোহেল ও স্বপ্না পৃথকভাবে হাইকোর্টে আপিল করেন। আপিলে তারা নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে অভিযোগ থেকে খালাস চেয়েছেন।
এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।