দক্ষিণ পূর্ব

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ ০৯:১৭ সকাল
পঠিত : ৩৩
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

ছবি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য। তার সদস্য আইডি নম্বর ৬২০২।

নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিবেশী ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি এড়ানো এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার কথা বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশদাতা উল্লেখ করেন, এ উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই নিরপেক্ষ অবস্থান থেকে তিনি এ নোটিশ দিয়েছেন।

জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নোটিশে বলা হয়েছে, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রে একজন সাবেক সরকারপ্রধানের দীর্ঘদিন অবস্থানের ফলে এসব রাষ্ট্রীয় গোপনীয় তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ ধরনের পরিস্থিতি থেকে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি এমনকি সামরিক সংঘাতের আশঙ্কাও তুলে ধরা হয়েছে। উদাহরণ হিসেবে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে আশ্রয় নেওয়া এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় অবস্থানের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, ২০১৫ সালে হাদি সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর তার দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক তৎপরতা দেশটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ এবং আঞ্চলিক সংঘাতের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে। একইভাবে ২০১৪ সালে ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর সৃষ্ট ভূরাজনৈতিক পরিস্থিতি, ক্রিমিয়া উপদ্বীপ দখল এবং পরবর্তী রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এ ধরনের বৈরিতা বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।

যেভাবে দেশে ফেরানোর প্রস্তাব

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কয়েকটি কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন আইনজীবী। এর মধ্যে প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে।

এতে বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সহযোগিতা চাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এরপর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। নোটিশে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ উল্লেখ করে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক অলঙ্ঘনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সেখানে প্রবেশের পর তিনি বাংলাদেশ সরকারের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন এবং বাংলাদেশ পুলিশের একটি বিশেষ প্রশিক্ষিত দল তাকে আইনি হেফাজতে নেবে।

এ ছাড়া হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করে উপযুক্ত বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে তাকে দেশে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। পুরো যাত্রায় বাংলাদেশ পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে।

টুঙ্গিপাড়ায় সাব-জেল করার প্রস্তাব

দেশে ফেরার পর শেখ হাসিনার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাসভবনকে বিশেষ সাব-জেল বা উপকারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়েছেন নোটিশদাতা।

নোটিশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা নিতে পারে। ঢাকায় বিমান অবতরণের পর জনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তাঝুঁকি এড়াতে বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি টুঙ্গিপাড়ার প্রস্তাবিত সাব-জেলে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

আপিল ও অন্যান্য মামলার বিচার চালুর প্রস্তাব

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় আপিলের সুযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। নোটিশে বলা হয়, দেশে ফেরার পর আইনি হেফাজতে থাকাবস্থায় শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সংবিধিবদ্ধ আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন।

আইনের ২১ ধারার ৩ উপধারায় দণ্ডাদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করার সময়সীমা থাকলেও উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার আবেদন করা হলে তা বিবেচনা করে আপিল শুনানির জন্য গ্রহণ করার বিচারিক ক্ষমতা আপিল বিভাগের রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম সচল রাখতে ভার্চুয়াল বিচারব্যবস্থা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের কথা বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, সব আপিল ও অন্যান্য আইনি প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তির পর সংশ্লিষ্ট আদালতের রায় ও আদেশ সরকারকে নিরপেক্ষভাবে কার্যকর করতে হবে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে তাকে অবহিত করার দাবি জানিয়েছেন।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত অধিকার রক্ষার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।