জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার পাশাপাশি যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম কার্যদিবসে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

শিক্ষার্থীদের মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হওয়ার আগ্রহ থাকা প্রয়োজন। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। বিষয়গুলো হলো—পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণ।
পরিচ্ছন্নতার বিষয়ে প্রধানমন্ত্রী নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন তিনি।
বৃক্ষরোপণে উৎসাহ দিতে বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার পরামর্শ দেন তিনি।
এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে সংসদ লাইব্রেরি পরিদর্শন ও জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন তাঁরা। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন শিক্ষার্থীরা।
এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।