ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করে আরও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করেছে পুলিশ।
মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন, খাগড়াছড়ি পৌরসভার উত্তর সবুজবাগ এলাকার রুহুল আমিনের ছেলে মো. আলামিন ওরফে মুন্না, একই এলাকার এনামুল হকের ছেলে মো. সাইফ ওরফে পিকু এবং দীঘিনালা উপজেলার মোহাম্মদ ওমর ফারুক। তারা সবাই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, মুন্না, সাইফ ও ওমর ফারুকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নাম উল্লেখ করা তিনজনকে শনাক্ত করা হয়েছে।
ঘটনার পর বিকেলে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সাদিক কায়েমের বাবাকে পরিবারের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়।
পরিবারের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম হামলাকারীদের পাশাপাশি পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তিনি লেখেন, খাগড়াছড়িতে তার পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করে উপযুক্ত প্রমাণসহ মামলা করা হয়েছে। এখন হামলাকারী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব।
এ ঘটনায় পরিবারের খোঁজখবর নেওয়া এবং পাশে দাঁড়ানো বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, ডাকসু ও অন্যান্য ছাত্র সংসদের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশেষ করে প্রতিবেশী ও এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সহায়তায় এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান।
ফেসবুক পোস্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ডাকসু ভিপি। জুলাই আন্দোলনের পক্ষের ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের পরও সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করে মন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন হামলা ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এসব ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, এ ধরনের হামলা তাদের মনোবল দুর্বল করতে পারেনি; বরং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আরও জোরদার করবে।
এদিকে পরিবারের নিরাপত্তা নিশ্চিত, হামলাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিকেলে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।
পুলিশ মামলা গ্রহণ ও অভিযুক্তদের শনাক্ত করার কথা জানালেও এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।