দক্ষিণ পূর্ব

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ ০১:২৪ দুপুর
পঠিত : ৫৫
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি মাদক চোরাচালান বন্ধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা অংশ নেন।

সভায় মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ অনুসন্ধানের সুপারিশ করেন তিনি।

সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্ত নিরাপত্তায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সীমান্তে ড্রোনের মাধ্যমে নজরদারি আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিতে হবে।

অন্যদিকে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু কোনো মন্ত্রণালয় কিংবা একটি বাহিনীর দায়িত্ব নয়; বরং সমন্বিত জাতীয় দায়িত্ব।

সভায় মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের রুট চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।

মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি জোরদার, যৌথ অভিযান পরিচালনা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।