দক্ষিণ পূর্ব

সিআরবির পাহাড়ে ১৩২ বছরের ঐতিহ্য ‘হাতির বাংলো’

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ০৬:৫৭ সকাল
পঠিত : ৪১
সিআরবির পাহাড়ে ১৩২ বছরের ঐতিহ্য ‘হাতির বাংলো’

ছবি

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন ‘হাতির বাংলো’। নগরীর সিআরবির পাহাড়ঘেরা সবুজ পরিবেশে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ আমলের এই স্থাপনাটির বয়স প্রায় ১৩২ বছর। অবিকল হাতির আদলে নির্মিত দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাংলোটি একসময় রেলওয়ের কর্মকর্তাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। সময়ের পরিক্রমায় এটি চট্টগ্রামের অন্যতম ঐতিহাসিক স্থাপনায় পরিণত হয়েছে। তবে যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ঐতিহ্যের এই নিদর্শনটি এখন অনেকটাই জীর্ণশীর্ণ।

জানা যায়, ১৮৯৩ সালে চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শুরু হয় ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজারের অধীনে। সে সময় রেলওয়ের কর্মকর্তাদের বসবাসের জন্য বাংলোটি নির্মাণ করেন প্রকৌশলী ব্রাউনজার। আসাম বেঙ্গল রেলওয়ের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এই স্থাপনাটি পরবর্তী সময়ে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে। একসময় ডরমেটরি হিসেবেও ব্যবহার করা হয় বাংলোটি।

স্থাপনাটির নির্মাণশৈলীতে রয়েছে ব্যতিক্রমী বৈশিষ্ট্য। দূর থেকে দেখলে মনে হয়, পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে বিশাল এক হাতি। বাড়িটির সামনের দিকে হাতির শুঁড়ের আদলে তৈরি বারান্দা এবং দুই পাশে গোলাকার দুটি ছিদ্র হাতির চোখের মতো দেখায়। ভবনের সামনে ও পেছনে রয়েছে মোট ১২টি গোলাকার জানালা। ডুপ্লেক্স ভবনটির নিচতলায় চারটি এবং দোতলায় একটি শয়নকক্ষ রয়েছে।

বাংলোটি নির্মাণে ফেরো সিমেন্ট ব্যবহার করা হয়েছে বলে জানা যায়। স্থাপনাটির অন্যতম বৈশিষ্ট্য হলো, নির্মাণকাজে প্রচলিত লোহার ব্যবহার না করেই এর কাঠামো তৈরি করা হয়েছিল। শতাধিক বছর পেরিয়ে গেলেও ভবনটির মূল কাঠামো এখনো বেশ মজবুত রয়েছে। ব্রিটিশ স্থাপত্যশৈলীর সঙ্গে স্থানীয় নির্মাণরীতির সমন্বয়ে তৈরি এই বাংলো চট্টগ্রামের পুরোনো স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

একসময় বাংলোটি ছিল রেলওয়ের কর্মকর্তাদের আবাসস্থল। বর্তমানে এর অধিকাংশ কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দরজা-জানালা ভেঙে গেছে, কোথাও কোথাও মরিচা ধরেছে। দেয়ালজুড়ে জমেছে শ্যাওলা, খসে পড়ছে পলেস্তারা। ভবনের চারপাশে জমে আছে ময়লা-আবর্জনা ও শুকনো পাতা। নান্দনিক এই স্থাপনাটির একটি কক্ষে বর্তমানে একজন রেলওয়ে কর্মচারী বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে রেলওয়ের পক্ষ থেকে বাংলোটি একবার সংস্কার করা হলেও বড় ধরনের সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্রমেই বিবর্ণ হয়ে পড়ছে ঐতিহাসিক স্থাপনাটি। অথচ এর চারপাশের পাহাড়, শতবর্ষী গাছপালা ও সবুজের সমারোহ যেকোনো দর্শনার্থীকে মুগ্ধ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কলকাকলিতে মুখর থাকে পুরো এলাকা।

প্রতিদিন বিকেলে নগরীর বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা হাতির বাংলো দেখতে আসেন। বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রকৃতিপ্রেমী ও ইতিহাস-ঐতিহ্য অনুসন্ধানীদের কাছে জায়গাটি বেশ আকর্ষণীয়। অনেকে বাংলোর সামনে ছবি তোলেন। কখনো কখনো এখানে বিভিন্ন শর্টফিল্মের দৃশ্যধারণও করা হয়।

চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এই হাতির বাংলো শুধু একটি পুরোনো ভবন নয়, বরং ব্রিটিশ আমলের রেল যোগাযোগ ও স্থাপত্য ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক। যথাযথ সংস্কার, নিয়মিত পরিচর্যা এবং পরিকল্পিত সংরক্ষণ করা হলে এটি চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে। তাই কালের বিবর্তনে হারিয়ে যাওয়ার আগেই ঐতিহ্যবাহী এই স্থাপনাটি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।