স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। এ কারণে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকেরা। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানোর কথা রয়েছে।
পরিবারের সূত্রে জানা গেছে, বুকে ব্যথা অনুভব করার পর স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকেরা এনজিওপ্লাস্টির মাধ্যমে ব্লকগুলোর চিকিৎসা ও স্টেন্ট স্থাপনের প্রস্তুতি নেন।
স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান। তার নেতৃত্বেই মন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। বর্তমানে চিকিৎসকেরা স্টেন্ট বসানোর প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, চিকিৎসার জন্য দেশের হাসপাতালকেই বেছে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরিবারের এক সদস্য জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজেই দেশে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগে শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন এবং এনজিওগ্রাম সম্পন্ন করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথার কারণে শনিবার সকালে মন্ত্রীকে হাসপাতালে আনা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।
পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।