দক্ষিণ পূর্ব

হাসিনা ফেরার ঘোষণায় সীমান্তে কড়া নজরদারিতে বিজিবি

saiful
saiful
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ ০৯:৩৬ সকাল
পঠিত : ৪৩
হাসিনা ফেরার ঘোষণায় সীমান্তে কড়া নজরদারিতে বিজিবি

সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কেউ দেশে প্রবেশ করলে সে বিষয়ে তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার পাশাপাশি পরিচয় গোপন রাখার ঘোষণাও দিয়েছে বিজিবি।

সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ভাষ্য, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটছে। গোপালগঞ্জে টানা দুই দিনের বিক্ষোভ ও সহিংসতার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার সীমান্ত পেরিয়ে ভারত থেকে দেশে ফিরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

কর্মকর্তাদের আশঙ্কা, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী ডিসেম্বরে কিংবা তার আগেই দেশে ফেরার চেষ্টা করতে পারেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যশোর ও সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা করছে বিজিবি।

যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিবিসি বাংলাকে জানান, দেশের বাইরে থেকে ইন্ধন দিয়ে গোপালগঞ্জে নাশকতা ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত চেকপোস্ট, বিশেষ টহল ও রোডব্লক স্থাপনের পাশাপাশি নাইট ভিশন, থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সার্চলাইট ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, যেকোনো ব্যক্তির অবৈধভাবে সীমান্ত পারাপার আইনত দণ্ডনীয়। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই অনুমোদন করা হবে না।

অন্যদিকে, ৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, বৈধ পাসপোর্টধারীরা নির্ধারিত ইমিগ্রেশন চ্যানেলের মাধ্যমে যাতায়াত করতে পারবেন। তবে অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধভাবে প্রবেশকারীদের আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, চট্টগ্রামের ফটিকছড়ি ও খাগড়াছড়ির রামগড়স্থ ভারত সীমান্ত এলাকাতেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রামগড় বিজিবির পক্ষ থেকেও সতর্কতা জোরদারের বিষয়টি জানার চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে রামগড় বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যস্ততার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে, ডিসেম্বর মাসে মহান বিজয় দিবস ও বড়দিনসহ বিভিন্ন আয়োজন এবং সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের এআইজি কামারুম মুনিরা জানান, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, টহল বৃদ্ধি ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। নিষিদ্ধ সংগঠন বা কার্যক্রম নিষিদ্ধ কোনো দল নাশকতা কিংবা অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।