২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে পণ্য আমদানি ও রপ্তানির মধ্যে ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি হয়েছে। এ সময়ে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানির বিপরীতে রপ্তানি হয়েছে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের তারকাচিহ্নিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করা হয়েছে।
রপ্তানি আয় বাড়ানো এবং তৈরি পোশাক খাতের ওপর একক নির্ভরতা কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এ নির্ভরতা কমাতে তৈরি পোশাক খাতের মতো অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতেও বিভিন্ন সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে।
এ লক্ষ্যে ১৮টি খাতের আংশিক রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ডেড সুবিধা দিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদেশ জারি করেছে। পাশাপাশি ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচির আদলে জেলাভিত্তিক রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ৬৮টি জেলার জন্য ৬৪টি পণ্য চিহ্নিত করা হয়েছে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের ফলে বাংলাদেশের প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টের (সিইপিএ) আলোচনা সম্পন্ন হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, আরসিইপি, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের প্রক্রিয়া চলছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২৫-২৬ অর্থবছরে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজনের পাশাপাশি ৪৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও আটটি সেমিনার পরিচালনা করছে।
প্রচলিত রপ্তানি বাজারের বাইরে নতুন বাজার তৈরির লক্ষ্যে ব্রাজিল, মধ্যপ্রাচ্য, ইউরোপের নতুন দেশ, সিআইএসভুক্ত অঞ্চল ও আফ্রিকায় বাণিজ্যিক মিশন পাঠানো হচ্ছে।
রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে।
এ ছাড়া কাগজ ও প্যাকেজিং পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে ‘পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস’ খাতকে ২০২৬ সালের বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে বলে সংসদে জানান বাণিজ্যমন্ত্রী।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।