পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সর্বশেষ সভা স্থগিত করার পেছনে কোনো ধরনের চাপ ছিল না বলে দাবি করেছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাক শিল্পের চলমান অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বোর্ডের চেয়ারম্যান বলেন, পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার বিষয়ে কোনো চাপ ছিল না। একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে।
এ সময় মজুরি নিয়ে কোনো ধরনের ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি ঘোষণার সময় যখনই নির্ধারণ করা হোক না কেন, নতুন নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়। তবে এসব উদ্যোগের পরও পোশাক শিল্পে শ্রমিকদের অসন্তোষ কাটেনি। বিভিন্ন শিল্পাঞ্চলে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।